পানিতে ডুবে আরও দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা চেয়ারম্যানের ছেলের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ: মির্জাপুর: মির্জাপুর উপজেলার চেয়ারম্যান মীর এনায়েত হোসেনের বড় ছেলে মীর ইমরান হোসেন (৩৬) গত সোমবার বংশাই নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় জেলে ও ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা সারা দিন খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধারে ব্যর্থ হন। গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদীর সৈয়দপুর এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। ঈশ্বরগঞ্জ: পৌর শহরের দওপাড়ায় ব্যবসায়ী ফারুক মিয়ার একমাত্র ছেলে রাতুল (২) পানিতে ডুবে মারা গেছে। গত সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির সামনের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। সরাইল: উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের বাদল মিয়ার ছেলে আবদুল্লাহ আল নোমান (১৫) সোমবার বিকেলে বিদ্যালয় থেকে ফিরে বসতবাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যায় পরিবারের লোকজন লাশ উদ্ধার করে। সে কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।