পানিতে ডুবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড্ডার আফতাবনগরে গতকাল বুধবার দুপুরে পানিতে ডুবে তামজিদুল হক (১৭) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও ছাত্রটির পারিবারিক সূত্র জানায়, তামজিদুল মায়ের সঙ্গে বনশ্রীর সি ব্লকের ৪ নম্বর সড়কের ২ নম্বর বাসায় থাকত। তার বাবা আজিজুল হক যুক্তরাষ্ট্রপ্রবাসী। গতকাল বেলা পৌনে একটার দিকে আফতাবনগর ঝিলে সাঁতার কাটার সময় হঠাৎ পানিতে ডুবে যায়। বন্ধুদের চিৎকারে কর্তব্যরত আনসার সদস্যরা গিয়ে ঝিল থেকে অচেতন অবস্থায় তুলে বেলা পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তামজিদুলকে মৃত ঘোষণা করেন। তামজিদুল ছিল মা-বাবার একমাত্র সন্তান।