পানিতে ডুবে কুষ্টিয়া মেডিকেল কলেজের দুই ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের রেনউইক বাঁধ এলাকায় গড়াই নদে গতকাল শুক্রবার পানিতে ডুবে ফরিদুল হাসান (২০) ও রিফাত মজুমদার (২০) নামের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তাঁরা কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম ব্যাচের প্রথম বর্ষের ছাত্র। গুরুতর অসুস্থ অবস্থায় তিন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও উদ্ধার হওয়া ছাত্রদের ভাষ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের ১০ সহপাঠী গড়াই নদের রেনউইক বাঁধে বেড়াতে যান। তাঁদের মধ্যে পাঁচজন ছাত্র ও পাঁচজন ছাত্রী ছিলেন। এর মধ্যে আটজনই সাঁতার জানেন না। দুপুর একটার দিকে মুষলধারে বৃষ্টি নামলে তাঁরা গড়াই নদের পানিতে হাঁটতে থাকেন। একপর্যায়ে তাঁরা গোসল করার পরিকল্পনা করেন। হঠাৎ রিফাত ও ফরিদুল পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় অন্যরা তাঁদের উদ্ধারের চেষ্টা চালান। একপর্যায়ে সবাই গভীর পানিতে পড়ে যান এবং চিৎকার করতে থাকেন। পরে দুই জেলে আটজনকে উদ্ধার করেন। এ সময় উদ্ধার হওয়া ছাত্রছাত্রীরা জানান, তাঁদের আরও দুজন সহপাঠী পানিতে আছেন। খবর পেয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদসহ শিক্ষকেরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় জেলা প্রশাসন ও পুলিশসহ স্থানীয় জনগণ দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে খুলনা থেকে আসা দুজন ও স্থানীয় এক ডুবুরিসহ তিনজন মিলে তাঁদের উদ্ধারে অভিযান চালান। সন্ধ্যা সাতটার দিকে প্রথমে রিফাতের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে সোয়া সাতটার দিকে ফরিদুলের মৃতদেহ উদ্ধার করা হয় । অধ্যক্ষ ইফতেখার মাহমুদ প্রথম আলোকে বলেন, সব ছাত্রছাত্রীই মেডিকেল কলেজের পৃথক আবাসিক হলে থাকতেন। ফরিদুলের বাড়ি দিনাজপুরে ও রিফাত কুমিল্লা শহরের ফৌজদারি এলাকার শাহজালাল মজুমদারের ছেলে।