প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে পানিতে ডুবে মারা গেছেন গৃহবধূ ফরিদা বেগম (৩৫)। গতকাল শনিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ইন্তাজ মোল্লার ডাঙ্গী গ্রামে। ফরিদা বেগম ওই গ্রামের নৈমুদ্দিন জমাদ্দারের মেয়ে ও গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ গ্রামের আনিসুর রহমানের স্ত্রী। চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল বারী জানান, ফরিদা বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। চার দিন আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল দুপুরে বাড়ির পাশে পুকুরে কয়েকটি কাপড় কাচতে যান। এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পুকুরের পানিতে তল্লাশি করে তাঁর লাশ উদ্ধার করেন।