পানিতে ডুবে চার শিশু ও এক নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী, বরিশালের আগৈলঝাড়া ও ফরিদপুরের নগরকান্দা উপজেলা এবং সাতক্ষীরা শহরে গত দুই দিনে পানিতে ডুবে চার শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলায় গতকাল বুধবার দুপুরে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। মৃত শিশুরা হলো উপজেলার কেউন্দিয়া গ্রামের সায়েমউদ্দিন তালুকদারের ছেলে আপন তালুকদার (৩) ও হোগলা বেতকা গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে নাঈমা আক্তার (৫)। কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিদ্দিকুর রহমান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ফরিদপুর: গতকাল বেলা ১১টার দিকে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলি গ্রামের শামসুল হকের মেয়ে সাউদা আক্তার (১৪) বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। সে কাইচাইল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।
গৌরনদী (বরিশাল): আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুন নবী জানান, গৈলা গ্রামের সজল বাড়ৈর দেড় বছরের ছেলে প্রণব বাড়ৈ গত মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনেরা শিশুটিকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।
সাতক্ষীরা: গতকাল দুপুরে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার একটি পুকুর থেকে খুশী খাতুন (৫২) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার ফয়জুর রহমানের মেয়ে।