পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর আগে বুধবার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে আরও দুই শিশুর মৃত্যু হয়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের রেন্টু আলীর ছেলে আমিন (৫) বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময় উপজেলার রিফায়েতপুর খানপাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে আঁখি (৬) বাড়ির পাশের জলাশয়ে ডুবে যায়। পরে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে দৌলতপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিবুল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে পাঁচ মিনিটের ব্যবধানে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। দুই শিশুর লাশ পরিবারের লোকজন নিয়ে গেছেন।
এদিকে বুধবার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম হাজিপাড়া গ্রামে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো স্থানীয় মোশাররফ হোসেনের মেয়ে মোকলেমা (৫) ও আসাদুল ইসলামের মেয়ে রাজে খাতুন (৭)। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব কুমার সরকার বলেন, সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে নেমে পানিতে ডুবে মারা যায় ওই দুই শিশু।