পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় পুকুরের পানিতে ডুবে গতকাল বুধবার তানজিদ ইসলাম (৪) ও জান্নাতুন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। একই দিন পঞ্চগড় সদর উপজেলায় পানিতে ডুবে নিশাত ইসলাম (৪) ও তানহা (সাড়ে তিন বছর) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

তানজিদ ডোমারের পাঙ্গামটকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামের দিলিপ মিয়ার ছেলে ও জান্নাতুন ডিমলার গয়াবাড়ি ইউনিয়নের উত্তর গয়াবাড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

নিশাত পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারু গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ও তানহা জেলা সদরের ধাক্কামারা ইউনিয়নের পূর্ব শিকারপুর গ্রামের মামুনের মেয়ে।

পাঙ্গামটকপুরের ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, জান্নাতুন প্রায় ১০ দিন আগে মা বিজলী বেগমের সঙ্গে মামা দিলিপ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুরের পর তানজিদ ও জান্নাতুন সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে নামলে ডুবে যায়। অবশেষে বিকেল চারটার দিকে ওই দুই শিশুর লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

এদিকে গতকাল দুপুর দুইটার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে গিয়ে নিশাতের মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি চাকলাহাটের ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন নিশ্চিত করেছেন। এ ছাড়া তানহা গতকাল সকালে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।