পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশাল ও রাজশাহীতে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বরিশালের উজিরপুর উপজেলা ও রাজশাহী শহরে আজ শনিবার সকালে পৃথক দুই ঘটনায় এই চার শিশুর মৃত্যু হয়।

আমাদের প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামে আজ শনিবার সকালে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শিশুদের পরিবার ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার বরাকোঠা গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী জাহিদুল ইসলামের স্ত্রী ডলি বেগম (২৫) ছেলে আরাফাত সানিকে (৪) নিয়ে শোলক ইউনিয়নের শোলক গ্রামে দেবর ওবায়দুল হকের বাড়িতে বেড়াতে আসেন। আজ সকাল ১০টার দিকে আরাফাত ও ওবায়দুল হকের মেয়ে মারিয়া আক্তার (৩) পুকুরপাড়ে খেলতে যায়। খেলতে খেলতে একটি বাটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে পুকুরে নামে তারা। পরে দুজনেই পানিতে তলিয়ে যায়।

ডলি বেগম জানান, বেলা ১১টার দিকে দুই শিশুকে খুঁজতে খুঁজতে পুকুরপাড়ে গিয়ে দুই শিশুকে ভাসতে দেখে চিৎকার দিকে লোকজন এগিয়ে এসে দুই শিশুকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক আবদুস সালাম দেওয়ান তাদের মৃত ঘোষণা করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে আজ সকালে রাজশাহী শহরের ডাশমারী সাতবাড়িয়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো ওই এলাকার মাসুদ রানার ছেলে মো. ফাহিম (৪) এবং মো. রানার ছেলে ফারহান (৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

শিশুদের পরিবারের বরাত দিয়ে শহরের মতিহার থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, আজ সকাল নয়টার দিকে শিশু দুটি বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। খেলা শেষে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। দুপুরের দিকে শিশু দুটির লাশ পুকুরে ভেসে উঠলে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।