পানিতে ডুবে চারজনের মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। পিরোজপুর সদর ও মঠবাড়িয়া উপজেলায় পানিতে ডুবে মারা গেছে আরও দুজন। গত তিন দিনে এসব ঘটনা ঘটে।
মোরেলগঞ্জে মারা যাওয়া দুই ভাইবোনের নাম জুবায়ের মাতব্বর (৮) ও তানজুম ইসলাম (৬)। গত রোববার দুপুরে উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মাতব্বরের সন্তান।
পরিবারের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, রোববার বেলা সোয়া একটার দিকে জুবায়ের ও তানজুম বাড়ির পুকুরে গোসল করতে যায়। তারা সাঁতার জানত না। পুকুরের ঘাটে দাঁড়িয়ে গোসলের সময় হঠাৎ জুবায়ের পা ফসকে পুকুরে পড়ে যায়। ভাইকে বাঁচাতে তানজুমও পুকুরে ঝাঁপ দেয়। উদ্ধারের আগেই দুজন মারা যায়।
মঠবাড়িয়ায় মারা গেছে মো. সিয়াম (১২) নামের আরেক শিশু। সে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বাসিন্দা ও দৈনিক সমকাল-এর মঠবাড়িয়া প্রতিনিধি মিজানুর রহমানের ছেলে। সোমবার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সিয়াম। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
পিরোজপুর সদরের শংকরপাশা গ্রামের মল্লিকবাড়ি এলাকায় বুধবার দুপুরে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন মো. রাজু খান (২৩)। তিনি পিরোজপুর পৌরসভার খামকাটা মহল্লার জাহাঙ্গীর খানের ছেলে। ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।