পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু
তিনটি ঘটনায় গতকাল মঙ্গলবার পানিতে ডুবে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইসহ একই পরিবারের তিন শিশু, নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালু-পাথর তোলার গর্তে পড়ে দুই ভাই ও চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে আরেক শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে ঈদের দিন শুক্রবার ও পরের দিন শনিবার সাতটি পৃথক ঘটনায় পানিতে পড়ে মারা যায় আরও ১৩ শিশু।
পুলিশ, জনপ্রতিনিধি ও চিকিৎসকের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে গতকাল বেলা পৌনে একটার দিকে মোগন মিয়ার ছেলে আলীনুর (৪) ও জেসমিন (১০) বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় ভাইবোন পানিতে ডুবে গেলে দুজনকে বাঁচাতে মোগন মিয়ার ভাই শফিকুল ইসলামের মেয়ে সাবিনা (১২) পানিতে ঝাঁপ দিয়ে সেও ডুবে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তিন চাচাতো ভাইবোনকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফাইজুর রহমান মুঠোফোনে বলেন, ঈদের ছুটিতে মোগন মিয়া চট্টগ্রাম থেকে পরিবার-পরিজন নিয়ে বাড়িতে বেড়াতে এসে তাঁর দুই সন্তানসহ এক ভাতিজিকে হারিয়ে এখন পাগলপ্রায়।
নেত্রকোনা: দুর্গাপুর উপজেলার দুর্গাপুর দক্ষিণ পাড়ায় সোমেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে গতকাল দুপুরের দিকে পাথর-বালু তোলার গর্তে নেমে পড়ে রিমন পাল (১২) ও লিংকন পাল (৮)। এরপর তারা গর্তের পানিতে তলিয়ে যায়। এ সময় নদীর পাড়ে থাকা আরেকটি শিশু বাসায় খবর দেয়। পরে লোকজন এসে তাদের তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা ময়মনসিংহের আটারবাড়ি গ্রামের লিটন পালের ছেলে। শিশু দুটি চতুর্থ ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। দুদিন আগে তারা মামার বাড়ি দুর্গাপুর পৌর এলাকার মৃণাল কান্তি পালের বাসায় বেড়াতে আসে।
আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় গুয়াপঞ্চক গ্রামের আবদুল হকের ছেলে পাভেল (৮) গতকাল দুপুরে খেলা করার সময় পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভেসে ওঠে শিশুটি। এ সময় তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।