পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তিন জেলায় পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ, পঞ্চগড় ও ময়মনসিংহে এসব ঘটনা ঘটে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে পুকুরের পানিতে ডুবে সকালে সানজিদা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কানসাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও বিশ্বনাথপুর গ্রামের আবদুস সামাদের মেয়ে। স্থানীয় লোকজন জানান, সানজিদা সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎ পাশের পুকুরে পড়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ : জেলা শহরের ওয়েজখালি এলাকার জালাল মিয়ার ছেলে মিশু মিয়া (৪) এবং বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় গ্রামের ইমাম হাসানের মেয়ে সুমাইয়া আক্তার (১) আজ পানিতে ডুবে মারা গেছে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওয়েজখালি এলাকার মিশু মিয়া বেলা তিনটার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে পাশের ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সকাল ১০টার দিকে বাঘবেড় গ্রামের সুমাইয়া আক্তার বাড়ির উঠান থেকে হামাগুড়ি দিয়ে গিয়ে পাশের খালে পড়ে যায়। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

পঞ্চগড় : জেলার আটোয়ারী উপজেলায় নিখোঁজের এক দিন পর মো. লাবু (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাথরতোলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের বাবুল হোসেনের ছেলে ও বার আউলিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার বিকেলে লাবু বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। সন্ধ্যার পরও সে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ করতে শুরু করে। পুকুরে ডুবে যেতে পারে, এমন সন্দেহে রাতেই পঞ্চগড় ফায়ার সার্ভিসকে খবর দেন তাঁরা। তবে আজ সকালে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের তলদেশ থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। মির্জাপুর ইউপি চেয়ারম্যান মো. ওমর আলী পানিতে ডুবে ওই কিশোরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ : জেলার ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামে আজ পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ওই গ্রামের শমশের আলীর মেয়ে তায়েবা (৩) এবং সেলিম মিয়ার ছেলে মো. রাফি (২)। পুলিশ জানায়, দুপুরে ওই দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর বাড়ির লোকজন টের পেয়ে শিশু দুটিকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।