পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে গতকাল শনিবার ছয় শিশু মারা গেছে। এর মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে দুজন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একজন, চাঁদপুরে দুজন ও মানিকগঞ্জের সিঙ্গাইরে এক শিশুর মৃত্যু হয়েছে।এ ছাড়া ঢাকার সাভার এলাকার তুরাগ নদে গত শুক্রবার রাতে এক ট্রলারডুবির ঘটনায় দুজন যাত্রী নিখোঁজ হয়েছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মাইডাইল গ্রামের অটোরিকশাচালক মুকিত মিয়ার দুই বছরের ছেলে সমুজ মিয়া গতকাল দুপুরে বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।প্রায় একই সময় একই উপজেলার আলীনগর ইউনিয়নের গোকলনগর গ্রামের সুলতান মিয়ার দুই বছরের মেয়ে তাসমিনা পুকুরের পানিতে ডুবে মারা যায়। এ সময় সুলতান মিয়ার বাড়িতে মিলাদ মাহফিল চলছিল। সবার ব্যস্ততার এক ফাঁকে শিশুটি পুকুরে পড়ে যায়।আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আখাউড়ার কুসুমবাড়ী গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে অয়ন (৬) গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে হঠাৎ সে পানিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অয়ন স্থানীয় একটি কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। চাঁদপুর: চাঁদপুরের পুরানবাজারের রনাগোয়াল এলাকার মনির হোসেন গাজীর মেয়ে জেসমিন (৫) ও একই এলাকার মৃত মো. জাহাঙ্গীরের মেয়ে সুমাইয়া (৫) গতকাল দুপুরের দিকে মেঘনা নদীর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা দুজনই নদীতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর নদীতে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। মানিকগঞ্জ: সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাহপুর এলাকার খোরশেদ আলমের ছেলে আলমগীর হোসেনের সঙ্গে গত বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের পিয়ারাবাগের জাফর উল্লাহর মেয়ে মনি আক্তারের বিয়ে হয়। শুক্রবার ছিল বউভাতের অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে যোগ দিতে মনি আক্তারের ভাই রনিসহ আরও আটজন মিরপুর বেড়িবাঁধ থেকে একটি ট্রলার নিয়ে সাদুল্লাহপুর যান। রাত সাড়ে আটটার দিকে তাঁরা একই ট্রলারে করে বেড়িবাঁধের উদ্দেশে রওনা হন। নয়টার দিকে তুরাগ নদের সাভার ও রাজধানীর শাহ আলী থানার সীমান্তবর্তী এলাকায় পৌঁছালে বালুবাহী একটি কার্গোর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মনির বড় ভাই রনি (২৫) ও তাঁর ফুফাতো ভাই রিপন (২৬) পারেননি। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁদের খুঁজে পাওয়া যায়নি। সাভার থানার উপপরিদর্শক (এসআই) সজীবুর রহমান গতকাল সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে স্থানীয় ডুবুরিদের সাহায্যে উদ্ধার অভিযান চালান। কিন্তু নিখোঁজ কারও সন্ধান পাননি।এদিকে গতকাল দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পারিল নওয়াধা গ্রামের লোকমান হোসেনের ছয় বছরের ছেলে হাসিব পুকুরে ডুবে মারা যায়। লোকমান জানান, সবার অলক্ষ্যে পুকুরে গোসল করতে গিয়ে তাঁর ছেলে পানিতে ডুবে যায়।