পানিতে ডুবে তজুমদ্দিনে তিন ও ঈশ্বরদীতে দুই শিশুর মৃত্যু
পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়িয়া গ্রামে ঈদের পরদিন গত বুধবার দুপুরে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। এদিকে ঈদের দিন গত মঙ্গলবার ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসীর অনেকে জানান, চর গড়গড়িয়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে হুমায়ুন (১০) ও সদু মালিথার মেয়ে লিমা খাতুন (১২) বুধবার দুপুরে তাদের বাড়ির পাশে একটি স্থানে খেলছিল। হঠাৎ তারা নিখোঁজ হয়। বেলা সাড়ে তিনটার দিকে পাশের একটি পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাহাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নেফাউর রহমান বলেন, খেলার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায় এবং ডুবে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।
তজুমদ্দিন থানা ও স্থানীয় লোকজন জানান, ঈদের দিন চাঁদপুর ইউনিয়নের দড়ি চাঁদপুর গ্রামের জহিরুদ্দিনের মেয়ে তানিয়া (৩) স্থানীয় একটি পুকুরের ঘাট থেকে পিছলে পানিতে পড়ে মারা যায়। এ ছাড়া, পঞ্চায়েত কান্দিগ্রামের আলাউদ্দিনের ছেলে শাকিল (৫) ও তার চাচাতো ভাই জিসান (৪) স্থানীয় মসজিদের পুকুরে খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। ওই দিন বিকেলে পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।
তজুমদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন ও চাঁদপুর ইউপির চেয়ারম্যান ফখরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।