পানিতে ডুবে তিন বোনের মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নের চরসাদীপুর এলাকায় পদ্মার পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তিন শিশু হলো সাদীপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে মরিয়ম খাতুন (৮), একই উপজেলার পয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের সাইদুর রহমানের দুই মেয়ে সালমা খাতুন (৬) ও লাবণী খাতুন (৪)। মরিয়ম খাতুন অপর দুই শিশুর খালাতো বোন।
নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, ওই তিন শিশুর এক মামার আগামীকাল বিদেশে যাওয়ার কথা। এ উপলক্ষে তারা তাদের মা-বাবার সঙ্গে চরসাদীপুর গ্রামে নানা ইমের শেখের বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ দুপুরের দিকে নানাবাড়ির পাশেই পদ্মা নদীর এক শাখা খালে অন্যদের সঙ্গে গোসল করতে যায় তারা। একপর্যায়ে তিন শিশুই খালের গভীর খাদে ডুবে যায়। প্রায় এক ঘণ্টা পর তাদের মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীনুজ্জামান। চরসাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেনও এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সালমা আর লাবণীর লাশ সুলতানপুর গ্রামে তাদের বাড়িতে নেওয়া হচ্ছে।