পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল মঙ্গলবার পানিতে ডুবে তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মান্ডার কদমতলী ঝিলে নৌকা ডুবে দুই স্কুলছাত্রী ও নন্দীপাড়ায় ডিঙিনৌকা থেকে পড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক নাসির উদ্দিন বলেন, ‘ছয় কিশোরী একটি ছোট নৌকায় করে মান্ডার ওই ঝিলে গিয়েছিল। মনে হয়, তারা নৌকায় ঝিলপাড়ের কোনো বাড়িতে যাচ্ছিল। এর মধ্যে পানি উঠে নৌকাটি ডুবে গেলে স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করেন। দুই কিশোরী পানিতে ডুবে মারা যায়।’
পুলিশ জানায়, নিহত সোনিয়া ও মর্জিনা স্থানীয় হায়দার আলী স্কুল ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নন্দীপাড়ায় মাদ্রাসাছাত্রের মৃত্যু: এদিকে গতকাল বিকেলে নন্দীপাড়ায় ডিঙিনৌকা থেকে পড়ে গিয়ে মাকসুদুর রহমান ওরফে বিজয় (৮) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বিজয়ের মামা রফিকুল ইসলাম বলেন, শিশুটির বাবা রিকশাচালক। পরিবার নিয়ে তাঁরা ছোট বটতলা এলাকায় থাকেন। বৃষ্টির পানি জমায় বাজার থেকে সাঁকো পার হয়ে বা ডিঙিনৌকায় করে তাঁদের বাসায় যাতায়াত করতে হয়। গতকাল নৌকা করে বাসায় ফেরার পথে নৌকাটি ডুবে গেলে তার মৃত্যু হয়।