পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুর, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও নেত্রকোনার দুর্গাপুরে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনজনেরই লাশ উদ্ধার করা হয়েছে।
রায়পুরের উদমারা গ্রামের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে শনিবার দুপুরে নিখোঁজ হয় স্কুলছাত্রী ফাতেমা আক্তার (১১) ও একই গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে শামীমা আক্তার। স্থানীয় ব্যক্তিরা শামীমার লাশ উদ্ধার করলেও ফাতেমা নিখোঁজ ছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা টানা তৎপরতা চালিয়েও রাত নয়টা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি। গতকাল সকালে আবার তল্লাশিতে নামে ডুবুরি দল। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে দক্ষিণ উদমারা গ্রামে নদীতে ফাতেমার লাশ পাওয়া যায়। সে দক্ষিণ উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল মাদ্রাসাছাত্র মো. আবু তাহের (১৬)। প্রায় ১২ ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে এলাকাবাসীর সহায়তায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
গতকাল সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মুনিয়ারিকান্দা এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় আবু তাহের। মুনিয়ারিকান্দা গ্রামের লতিফ মিয়ার ছেলে তাহের মুনিয়ারিকান্দা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল।
দুর্গাপুর পৌর শহরের মোক্তারপাড়ার বাসিন্দা সুমন হাজংয়ের ছেলে অর্ণব হাজং (১৭) ময়মনসিংহ অ্যাডভান্স রেসিডেন্সিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ঈদের ছুটিতে কয়েক দিন আগে সে বাড়িতে আসে। শনিবার দুপুরে বন্ধুদের নিয়ে কুল্লাগড়া মাইঝপাড়া এলাকায় চীনামাটি পাহাড়ে ঘুরতে যায় অর্ণব। সে কোহিনুর সিরামিক ইন্ডাস্ট্রির মাইনে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে।