পানিতে ডুবে তিন শিশু ও এক ছাত্রের মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামে গতকাল শুক্রবার নন্দকুজা নদীতে ডুবে রনি ইসলাম (৭) ও হৃদয় হোসেন (১৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহী নগরের চরশ্যামপুর এলাকায় পদ্মায় গোসলে নেমে রিয়া খাতুন (৮) নামের আরেক শিশুর মৃত্যু হয়৷ একই দিন নওগাঁ সদরে পুকুরে সাঁতার শিখতে গিয়ে তানজিমুল ইসলাম (১৯) নামের এক কলেজছাত্র প্রাণ হারায়৷
রনি ইসলাম কায়েমকোলা গ্রামের রবিউল করিমের ছেলে এবং স্থানীয় আহম্মেদপুর স্যাপার ল্যাড স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র৷ আর হৃদয় হোসেন রবিউল করিমের ভাই শাহীন ইসলামের ছেলে এবং আহম্মেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, গতকাল দুপুরে রনি ও হৃদয় বাড়ির পাশের নন্দকুজা নদীতে গোসল করতে যায়। প্রায় এক ঘণ্টা পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়৷ এরপর তাঁরা নদীতে খোঁজাখঁুজি শুরু করেন। একপর্যায়ে রনিকে নদীতে ভাসতে দেখা যায়৷ এ সময় তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির মধ্যে হৃদয়ের লাশ দেখতে পান৷
গতকাল বিকেলে রাজশাহী নগরের চরশ্যামপুর এলাকায় প্রতিবেশী শিশুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে রিয়া খাতুনের মৃত্যু হয়। তার বাবার নাম আলী হোসেন। পারিবারিক সূত্র জানায়, বেলা দুইটার দিকে অন্য শিশুদের সঙ্গে পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিয়া৷ পরে অন্য শিশুরা জানায়, তারা গোসল করে ফিরে এসেছে, কিন্তু রিয়া আসেনি। পরে মসজিদের মাইক থেকে শিশু হারানোর মাইকিং করা হয়। বিকেল চারটার দিকে পদ্মা নদীতে রিয়ার লাশ ভেসে ওঠে।
এদিকে গতকাল দুপুরে নওগাঁ সদরের মুক্তির মোড় এলাকায় নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে সাঁতার শিখতে যান তানজিমুল ইসলাম৷ একপর্যায়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়৷ তানজিমুল পার-নওগাঁ মহল্লার হযরত আলীর ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিরুল ইসলাম জানান, তানজিমুলের বাবা ইসলামী ব্যাংকের ক্যাশিয়ার। কলেজ ছুটি থাকায় তানজিমুল নওগাঁর বাড়িতে আসেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।