পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে বিলের পানিতে গোসল করতে গিয়ে তারা ডুবে যায়।নিহত শিশুরা হলো, স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী আরিফা বেগম (৯), দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সুহেফা বেগম (৮) ও প্রথম শ্রেণীর ছাত্রী মারুফা বেগম (৬)। সুহেফা ও মারুফার বাবার নাম আলী আশরাফ। আরিফা তাদের আপন চাচাতো বোন। আরিফার বাবার নাম আলী হোসাইন। নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বাড়ি উপজেলার রামদি ইউনিয়নের মাছিমপুর গ্রামে। ওই শিশুরা প্রায়ই বাড়ির পাশের বিলে গোসল করতে যেত। তারা কেউ পুরোপুরি সাঁতার জানত না। শনিবার বেলা একটার দিকে পানিতে নামার কিছু সময় পর একে একে তিনজনই ডুবে যায়। তাদের বন্ধুরা বিষয়টি বুঝতে পারে। তারা দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টি জানায়। স্থানীয় লোকজন তিনজনকে পানি থেকে উদ্ধার করে। পরে তাদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সকেরা তিনজনকে মৃত ঘোষণা করে। হাসপাতালে জরুরি বিভাগের চিকিত্সক সেলিম সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার আগেই তিন শিশু মারা যায়। নিহত শিশুদের আত্মীয় তাজুল ইসলাম জানান, নিহত শিশুদের পরিবারের ঈদের আনন্দ বিষাদে পরিণত করেছে।