পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ও ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে দুটি পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। কামারখন্দের ঘটনায় মিম (৮) ও সাদিয়া (১০) নামের দুই শিশু এবং নান্দাইলের ঘটনায় মো. শরিফ মিয়া (১৬) নামের এক স্কুলছাত্র মারা গেছে।

আমাদের নিজস্ব প্রতিনিধি ও প্রতিবেদকের পাঠানো খবর...

সিরাজগঞ্জ: কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরকার প্রথম আলোকে জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাশিয়াহাটা গ্রামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় মিম ও সাদিয়া। সন্ধ্যায় তারা বাড়ি না ফেরায় রাতভর বিভিন্ন জায়গায় তাদের খোঁজ করা হয়। আজ সকালে বাড়ির সামনের একটি পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।
এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছে, খেলতে গিয়ে পানিতে পড়ে তারা মারা গেছে।

ময়মনসিংহ: নিহত শরিফের ভগ্নিপতি সুলতান মিয়া প্রথম আলোকে বলেন, শরিফ ঈদের পরদিন শহরের নলুয়াপাড়া এলাকায় তাঁর বাড়িতে বেড়াতে আসে। আজ সকাল ১০টার দিকে এলাকার তার সমবয়সীদের সঙ্গে নরসুন্দা নদীতে মাছ ধরতে যায়। এ সময় শরিফসহ তিন-চারজন কিশোর কলাগাছের ভেলায় করে নদীর মধ্যে যায়। মাছ ধরার এক ফাঁকে শরীফ নদীতে পড়ে যায়।
এরপর খোঁজাখুঁজি করে শরিফকে পাওয়া যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে থানা ঘাট এলাকা থেকে শরীফের লাশ উদ্ধার করা হয়। সে ময়মনসিংহের শম্ভুগঞ্জ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।