পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তালুক মৃত্তিঙ্গা গ্রামের পুকুরে ডুবে আজ বৃহস্পতিবার দুপুরে তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছে তালুক মৃত্তিঙ্গা গ্রামের আবদুল মতিন মিন্টুর দুই মেয়ে মোছা. মিম (১০) ও মো. কুসুম (৯) এবং তাঁর ছোট ভাই ইকবাল হোসেনের ছেলে মো. নাইম (৮)।
জানা যায়, আবদুল মতিন মিন্টু ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন, নাইমের বাবা ইকবাল হোসেন স্থানীয় মণ্ডলের হাটস্থ একটি হিমাগারে চাকরি করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঘটনার শিকার ওই তিন শিশু তাদের বাড়ির কাছের পুকুরে অপর এক শিশুর সঙ্গে গোসল করতে যায়। এর একপর্যায়ে একই গ্রামের আমিনুর রহমানের মেয়ে মৌসুমি (১০) পুকুরের পানি থেকে উঠে আসতে পারলেও অপর তিনজন পুকুরে তলিয়ে যায়। মৌসুমির মাধ্যমে সংবাদ পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাদের পুকুর থেকে উদ্ধার করে। এরপর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের গাড়িতে করে দ্রুত তাদের লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দীপঙ্কর রায় বলেন, বৃহস্পতিবার পুকুরে ডুবে যাওয়া তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেছি।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে যাই। জেলা প্রশাসকের নির্দেশক্রমে প্রাথমিক/তাৎক্ষণিক ত্রাণসহায়তা হিসাবে ওই তিন শিশুর দাফন-কাফনের জন্য ১৫ হাজার টাকা জরুরি তহবিল থেকে বরাদ্দ দিয়েছি।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, পানিতে ডুবে মৃত্যুর ক্ষেত্রে সরকারি বিধি/নীতিমালা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।