পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের তিন জেলায় গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। নাটোরের গুরুদাসপুর থেকে নিখোঁজের এক দিন পর নন্দকুঁজা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় তানজিমুল ইসলাম (৩) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর বাবা লুৎফর রহমান বলেন, সকাল ১০টার দিকে সে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। তানজিমুলকে বাড়িতে না পাওয়ায় বাড়ির লোকজন তার খোঁজ করা শুরু করেন। পরে পুকুরের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকায় মহানন্দা নদীতে ডুবে মো. সাব্বির (৪) মারা যায়। সে চৌডালা ইউনিয়নের টোলঘর এলাকার নারুল ইসলামের ছেলে। চৌডালা ইউপির চেয়ারম্যান শাহ আলম বলেন, চৌডালা ব্রিজ এলাকার মহানন্দা নদীতে দুপুরে গোসল করতে গিয়ে সাব্বিরের লাশ ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে। এলাকাটি অনেক দিন থেকেই বন্যার পানিতে নিমজ্জিত আছে। ঘটনার সময় শিশুটির পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। সবার অলক্ষ্যে সে নদীতে পড়ে যায়।

বগুড়ার ধুনট উপজেলায় বন্যার পানিতে পড়ে সৈকত হোসেন (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের পূর্বকান্তনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সৈকত সোনাহাটা কেজি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

উপজেলার কালেরপাড়া ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সৈকতের বাড়ির চারদিকে কয়েক দিন ধরে বন্যার পানি। গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পাশে খেলা করছিল সৈকত। এ সময় অসাবধানতাবশত সে বন্যার পানিতে পড়ে ডুবে যায়। প্রায় ৩০ মিনিট পর পরিবারের লোকজন বন্যার পানি থেকে সৈকতের মৃতদেহ উদ্ধার করেন।

নাটোরের গুরুদাসপুর থেকে গত বুধবার আশরাফুল ইসলাম (৪৩) নিখোঁজ হন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে পৌরসভার নন্দকুঁজা নদীর চাঁচকৈড় সেতুর নিচ থেকে পুলিশ তাঁর লাশটি উদ্ধার করে। গতকাল লাশটি নাটোরের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আশরাফুল ইসলাম চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার এন্তাজ প্রামানিকের ছেলে। আশরাফুলের বড় ভাই দৈনিক ভোরের ডাক পত্রিকার গুরুদাসপুর প্রতিনিধি এম এম আলী আক্কাছ বলেন, কিছুদিন আগে পৌরসভার আনন্দনগর মহল্লার কয়েক ব্যক্তির সঙ্গে তাঁর (আশরাফুলের) দ্বন্দ্ব হয়। এ কারণে তাঁর ভাই খুন হতে পারেন। গতকাল বিকেলে আলী আক্কাছ বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। তবে কারও নাম উল্লেখ করেননি।

গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, পূর্ববিরোধের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

[প্রতিবেদন তৈরি করতে সহায়তা করেছেন, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ এবং পীরগঞ্জ (ঠাকুরগাঁও), ধুনট (বগুড়া) ও গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি]