পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট ও সিরাজগঞ্জ জেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আর কুড়িগ্রামের রৌমারীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে আরেক শিশু।

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি জানিয়েছেন, উপজেলার জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামে আজ পুকুরের পানিতে ডুবে আরফিনা (৬) ও চম্পামণি (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আরফিনা ওই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে আর চম্পামণি আরিফুলের ছোট ভাই সানোয়ার ইসলামের মেয়ে। দুই চাচাতো বোন পচাভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আজ দুপুরের দিকে প্রতিবেশী হাবিবুর রহমান মাস্টারের বাড়ির উঠানে পাশের পুকুরের পাড়ে ওই দুই শিশু খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দুপুরের দিকে শিশু দুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশু দুটি মারা যায়।
জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিবর রহমান পানিতে ডুবে শিশু দুটি মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে শিশুদের লাশ দাফন করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামে জুবায়ের আহম্মেদ (৭) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের আসাদুজ্জামানের একমাত্র ছেলে। প্রতিবেশী সূত্রে জানা গেছে, আজ বিকেলে ওই শিশু খেলা শেষে বাড়ির পাশে পুকুরে হাত–মুখ ধুতে যায়। এ সময় পা পিছলে হঠাৎ করে পুকুরের মধ্যে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে পুকুরে লাশ ভেসে উঠলে এলাকাবাসী তার মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনায় পরিবারের মাতম চলছে। তাড়াশ থানার উপরিদর্শক মো. রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কুড়িগ্রাম অফিস জানায়, রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীতে গোসল করতে গিয়ে আজ সকালে ইসরাত জাহান রেশমা (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে উপজেলার বাওয়াইর গ্রামের ইসলামুদ্দিনের মেয়ে। আজ সন্ধ্যা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিশু নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।