পানিতে ডুবে তিন স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল শুক্রবার বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এদিকে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের বাড়ইবাড়ি এলাকায় গত বৃহস্পতিবার পানিতে ডুবে এক স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে।
মৃত তিন স্কুলছাত্র হলো ফতুল্লার পশ্চিম দেওভোগ বাংলাবাজার এলাকার মামুন মিয়ার ছেলে সৌরভ (১৩) ও একই এলাকার সেন্টু মিয়ার ছেলে আলিফ (১২)। তারা দুজনেই দেওভোগ হাজী উজির আলী স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অন্য এক স্কুলছাত্র হলো রাকিব হোসেন (১৪)। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার তাজপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে ও উত্তরা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। রাকিবের পরিবার টঙ্গীর নতুনবাজার এলাকায় বসবাস করে। এ ছাড়া অন্য মৃত ব্যক্তি হলেন বাড়ইবাড়ি এলাকার কাজী নজরুল ইসলাম (৫০)। নজরুল বাটারফ্লাই টঙ্গী শাখার শোরুমের ব্যবস্থাপক ছিলেন। তিনিও পরিবার নিয়ে টঙ্গীর নতুনবাজার এলাকায় থাকতেন।
আলিফের বাবা সেন্টু মিয়া বলেন, সৌরভ ও আলিফ দুজনেই রোজা ছিল। প্রতিদিন বাসায় এসে হাবিব নামে এক শিক্ষক তাদের দুজনকে আরবি পড়ান। শিক্ষক হাবিব তাদের দুজনকে গোসল করানোর জন্য গতকাল দুপুর ১২টার দিকে বাসা থেকে ডেকে ফতুল্লার কাশীপুরের ডিক্রীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীতে নিয়ে যান। গোসল করার একপর্যায়ে তারা দুজন পানিতে ডুবে যায়। এ সময় শিক্ষক হাবিব তাদের দুজনকে খুঁজে না পেয়ে পালিয়ে যান। পরে লোকজন এসে বাড়িতে খবর জানালে পরিবারের লোকজন নদী থেকে বেলা দুটার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসে। তবে মামলার ঝামেলার কারণে বিষয়টি পুলিশকে জানানো হয়নি।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী শেখ জানান, তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না।
এদিকে নজরুলের বড় ভাই আলী হোসেন বলেন, রমজান উপলক্ষে বৃহস্পতিবার বাড়িতে মিলাদ মাহফিল ছিল। মিলাদে শরিক হতে নজরুল ও তাঁর বোনের পরিবারের লোকজন বাড়ইবাড়ির বাড়িতে আসে। ভাগনে সাফাত ইসলামের সঙ্গে তার বন্ধু রাকিবও আসে। বিকেলে নজরুলের ছেলে অর্ণব, সাফাত ও রাকিব বাড়ির পাশের বিলে গোসল করতে যায়। একপর্যায়ে তারা তিনজন পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। এ দৃশ্য দেখে বাড়িতে রান্না করতে আসা বাবুর্চি চিৎকার শুরু করলে নজরুল তাদের উদ্ধার করতে পানিতে নামেন। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী খোঁজাখুঁজি করে রাকিবকে মৃত অবস্থায়, নজরুলকে আহতাবস্থায় ও অন্য দুজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে আহত নজরুলকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, তাঁরা পানিতে ডুবে দুজনের মৃত্যুর খবর পেয়েছেন।