পানিতে ডুবে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলার সন্তোষপুর গ্রামে গতকাল মঙ্গলবার খালের পানিতে ডুবে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার বিকেলে ফরিদপুরে চরভদ্রাসন উপজেলার লোহারটেক সর্দারবাড়ী গ্রামে পুকুরে ডুবে মারা গেছে আরেক শিশু।
মৃত ব্যক্তিরা হলেন সন্তোষপুর গ্রামের মহির উদ্দীনের স্ত্রী বিউটি খাতুন (২০) ও দাউদ হোসেনের মেয়ে তামান্না খাতুন (৭) এবং লোহারটেক সর্দারবাড়ী গ্রামের হুমায়ুন লস্করের মেয়ে মরিয়ম বেগম (৪)।
খোকসা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামে বয়ে যাওয়া খালে গতকাল বেলা তিনটার দিকে শিশু তামান্না অসাবধানতাবশত পড়ে যায়। তামান্নাকে ডুবতে দেখে তাকে উদ্ধার করতে পানিতে নেমে পড়েন বিউটি খাতুন। খালে স্রোতের কারণে দুজনই ডুবে যান।
পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
মরিয়মের দাদা শামছু লস্কর জানান, দুপুরে পরিবারের সবাই ঘর-গৃহস্থালীর কাজে ব্যস্ত ছিল। এক ফাঁকে মরিয়ম বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বিকেল চারটার দিকে পুকুরের পানিতে মরিয়মকে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে পুকুর থেকে তুলে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।