পানিতে ডুবে তিনজনের মৃত্যু
নড়াইল সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার চিত্রা নদী থেকে এক শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরেকটি শিশু। একই দিন উপজেলার একটি পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের পিন্টু কর্মকার (৭০) গত বুধবার দুপুরে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর মহিষখোলা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে।
এদিকে উপজেলার ভদ্রবিলা গ্রামের বেল্লাল মোল্যার মেয়ে মেহনাজ (৭), লিটন মোল্যার মেয়ে মরিয়মসহ (৭) আরও ছয়-সাতটি শিশু গতকাল দুপুরে চিত্রা নদীতে গোসল করতে নামে। নদীতে স্রোত থাকায় একপর্যায়ে মেহনাজ ও মরিয়ম পানিতে ভেসে যায়। মেহনাজের লাশ উদ্ধার করা গেলেও মরিয়মকে পাওয়া যায়নি। এ ছাড়া একই উপজেলার মির্জাপুর গ্রামের ওমর গাছি (৭০) নামের এক বৃদ্ধার লাশ তাঁর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস বিশ্বাস বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।