পানিতে ডুবে থাকে স্কুলের মাঠ, খেলাধুলা বন্ধ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া মার্চেন্ট পাইলট হাইস্কুল ও টেকনিক্যাল কলেজের মাঠটি বছরের ছয় মাস জলাবদ্ধ থাকে। এই মাঠে জমে থাকা বৃষ্টির পানি সরানোর ব্যবস্থা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে খেলাধুলা ও শারীরিক কসরত করছে পারছে না।
শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ১৯০৬ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এই শিক্ষাপ্রতিষ্ঠানে এক হাজার ৪০০ শিক্ষার্থী আছে। এই প্রতিষ্ঠানের সীমানার মধ্যে ৭৫ হাজার বর্গমিটার আয়তনের একটি মাঠ আছে। মাঠটিতে শিক্ষার্থীরা খেলাধুলা ও শারীরিক কসরত করত। জাতীয় পর্যায়ের সব অনুষ্ঠান, আন্তজেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হতো। পাঁচ বছর আগে এর পূর্ব ও দক্ষিণে অপরিকল্পিতভাবে বসতঘর ও পশ্চিমে পাকা সড়ক নির্মাণ করায় মাঠটি নিচু হয়ে গেছে। এ কারণে বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত এটি তিন ফুট পানিতে নিমজ্জিত থাকে। ফলে এ সময় এখানে খেলাধুলাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে।
কয়েকজন শিক্ষার্থী জানায়, পাঠদান শুরু হওয়ার আগে তাদের শারীরিক কসরত এখানে হতো। বর্তমানে জায়গা না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে স্বল্প জায়গায় ঠাসাঠাসি করে শারীরিক কসরত করা হচ্ছে। এতে অনেক শিক্ষার্থী অংশ নিতে পারছে না।
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র নজরুল ইসলাম বলেন, ‘এই মাঠে টিফিন বিরতির সময় এবং বিকেলে খেলাধুলা করেছি। এ ছাড়া পৌর এলাকার কিশোর ও তরুণেরা এখানে ফুটবলসহ নানা খেলাধুলা করত। মাঠে পানি জমে থাকায় এখন এসব বন্ধ রয়েছে।’
শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর আবদুল হান্নান বলেন, ‘মাঠটি শহরের মধ্যে অবস্থিত। আশপাশের স্থান উঁচু হওয়ায় বৃষ্টির পানি বের করার ব্যবস্থা নেই। এ কারণে বছরের ছয় মাসই এটি পানিতে নিমজ্জিত থাকে। মাঠটি উঁচু করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি।’
উল্লাপাড়া পৌরসভার মেয়র বেল্লাল হোসেন জানান, এর আগে ওই মাঠ থেকে সেচযন্ত্রের মাধ্যমে কয়েকবার পানি বের করে দেওয়া হয়েছে। ওই স্থানে
পৌরসভার নালা রয়েছে। কিন্তু এটি মাঠের চেয়েও উঁচুতে। এ কারণে ওই নালা দিয়ে পানি সরছে না। মাঠটি মাটি দিয়ে ভরাট না করা পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।
পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, মাঠটি ওই এলাকার রাস্তা থেকে চার ফুট নিচু। তাই মাটি দিয়ে ভরাট করা ছাড়া মাঠের জলাবদ্ধতা দূর করা যাবে না। সব স্থান মাটি দিয়ে ভরাট করতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা একবারে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তবে এটি পর্যায়ক্রমে ভরাট করা হবে।