পানিতে ডুবে দুই কলেজ ছাত্র ও দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের মোহনপুরে গতকাল সোমবার আত্রাই নদে ডুবে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। একই দিন পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্রাই নদে ডুবে মারা যাওয়া ওই দুই কলেজছাত্র হলো সাউদ মুন্তাকিম (১৭) ও সাকিব (১৭)। তারা দিনাজপুর শহরের হলিল্যান্ড কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ত। মুন্তাকিম শহরের ক্ষেত্রীপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে। সাকিবের বাড়ি শহরের মুন্সীপাড়ায়। সাকিবের বাবার নাম মমতাজ উদ্দীন।
শংকরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইছাহাক আলী বলেন, মুন্তাকিম ও সাকিব গতকাল বেলা সাড়ে ১১টায় দিকে মোহনপুর এলাকায় আত্রাই নদে বাঁধের পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল। হঠাৎ করে পা পিছলে দুজনই নদে পড়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার আগেই বেলা সোয়া তিনটার দিকে স্থানীয় জেলেরা দুজনের লাশ উদ্ধার করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে পঞ্চগড়ে পুকুরে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো তুতি রানী (১০) ও রহিমা বেগম (১০)। দুজনের বাড়ি সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের ছবারভিটা গ্রামে।
কামাত-কাজলদিঘী ইউপির চেয়ারম্যান মো. মোজাহার আলী বলেন, গ্রামের জয়কুমারের মেয়ে তুতি ও হাসিবুল ইসলামের মেয়ে রহিমা বেগম গতকাল দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যায়।