পানিতে ডুবে দুই দিনে পাঁচ শিশুর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুকুরে ডুবে গতকাল সোমবার এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগের দিন রোববার একইভাবে আরও চার শিশু মারা গেছে। খেলতে গিয়ে এসব শিশু পানিতে পড়ে যায় বলে জানিয়েছে তাদের পরিবার। এদের মধ্যে দুই সহোদর রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুর উদ্দিন দুই দিনে পাঁচ শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুগুলোকে মৃত অবস্থায় তাদের পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মারা যাওয়া শিশুরা হলো গুলিয়াখালি গ্রামের ধীরেন্দ্রনাথের ছেলে আদিত্য (৫), আমরিবাদ গ্রামের ইকবাল হোসেনের দেড় বছরের যমজ ছেলে মো. শাহজাহান ও শাহদাত হোসেন, দক্ষিণ ফেদায়নগর গ্রামের জাফর উদ্দীনের ছেলে মো. সৌরভ (৩) ও হাসনাবাদ গ্রামের আজাদ নবীর দেড় বছরের মেয়ে মিন্নাত আরা।
মিন্নাত গতকাল বিকেল পাঁচটার দিকে মারা যায়। তার চাচা মো. সুমন বলেন, মিন্নাত ঘরের পাশে খেলছিল। কখন সে পানিতে পড়ে যায়, কেউ জানে না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় পুকুরে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল ইসলাম বলেন, যমজ ভাই শাহজাহান ও শাহদাতকে নিয়ে তাদের মা শামীমা আক্তার কেদারখীল গ্রামে বাবার বাড়িতে থাকতেন। রোববার বেলা দুইটার দিকে পুকুরে তাদের লাশ পাওয়া যায়। একইভাবে অন্য দুই শিশুও মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুর উদ্দিন বলেন, বৃষ্টিতে পুকুর পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় শিশুদের জন্য তা মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক শিশুর অভিভাবককে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।