পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালের দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার শিকার শিশু দুটি হলো মোহাম্মদ জিহাদ (৭) ও আবদুল্লাহ আল তাওহিদ (৪)।
জিহাদ ও তাওহিদ লোহাগাড়ার আমিরাবাদের হাছিরপাড়া এলাকার ব্যবসায়ী মো. আবদুল গফুরের সন্তান। জিহাদ স্থানীয় হাজিরপাড়া ইবতেদায়ি মাদ্রাসার প্লে-শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও নিহত শিশুদের চাচা মো. আবদুল খালেক প্রথম আলোকে বলেন, সোমবার সকালে জিহাদ ও তাওহিদ দুই ভাই মিলে বাড়ির উঠানে খেলছিল। কোনো একসময় তারা পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খুঁজেও তাদের পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন শিশু দুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
আবদুল খালেক বলেন, শিশু দুটির মৃত্যুতে তাদের মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।