পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকায় এ ঘটনা ঘটে। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই।
শিশু দুটি হলো কৈলাস গ্রামের বাবুল উদ্দিনের ছেলে ফাহিম উদ্দিন (৪) ও বাবুলের ছোট ভাই রাফুল উদ্দিনের ছেলে মো. আরমান উদ্দিন (৩)।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে দুই ভাই ঘরের বাইরে খেলছিল। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলেও তাদের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এতে স্বজনদের সন্দেহ হয়। পরে বাড়ির সামনের পুকুরে গিয়ে দুজনের লাশ ভাসতে দেখেন স্বজনেরা।
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরফান উদ্দিন শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশু দুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।