পানিতে ডুবে দুই শিশু, এক তরুণের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গতকাল রোববার নদীতে নৌকা ডুবে এক শিশু ও এক তরুণের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত শনিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পুকুরে ডুবে একটি শিশু মারা গেছে।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার বামনগাঁও গ্রামের ফারুক হোসেন (১৭) ও মাহমুদুল (৮) গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বেলাই নদীতে নৌকায় করে ঘুরছিল। এ সময় পানি উঠে তাদের নৌকাটি ডুবে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম নৌকা ডুবে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে শনিবার সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার নিয়াগুল গ্রামে মহিন উদ্দীন (৩) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। মহিনের পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মহিন সবার নজর এড়িয়ে ঘর থেকে বের হয়ে যায়। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করেন।