পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় গতকাল সোমবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার
দক্ষিণ কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ কামারগাঁও এলাকার শওকত শেখের ছেলে শাহেদ (৬) ও শাহিন শেখের ছেলে আবিরসহ (৫) কয়েকটি শিশু বাড়ির পাশে খেলতে যায়। একপর্যায়ে শাহেদ ও আবির নিচু জমিতে জমে থাকা পানিতে ডুবে যায়। এ সময় অন্য শিশুরা দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়। বাড়ির লোকজন ছুটে এসে প্রথমে আবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর ২০ মিনিট পর শাহেদের মরদেহ ভেসে ওঠে। তাকেও একই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র আরও জানায়, শাহেদ দক্ষিণ কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এবং আবির টেক্সাস কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির ছাত্র ছিল। গতকাল দুজন স্কুল থেকে ফিরে একসঙ্গে খেলতে বের হয়। এ ঘটনায় দুই শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদুর রহমান বলেন, দুই পরিবারের ইচ্ছা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।