পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর মণ্ডলপাড়া গ্রামে গতকাল শুক্রবার দুপুরে পানিতে ডুবে সেবা পারভীন (১১) ও হিমিকা খাতুন (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সেবা পারভীনের বাবা ছাদেকুল ইসলাম ও মা ছাদেকা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেই সুবাদে সেবা পারভীন সেখানেই বেড়ে ওঠে। সে ঢাকার একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। তাদের বাড়ি বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নের ঝাড়পাড়া গ্রামে। দুদিন আগে সে ঢাকা থেকে রাধানগর মণ্ডলপাড়া গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। হিমিকা খাতুনের বাড়ি মণ্ডলপাড়া গ্রামেই। তার বাবা হেসাব উদ্দিন পেশায় কৃষক।

রাধানগর মণ্ডলপাড়া গ্রামের শিশু সুরাইয়া খাতুন (১১) বলে, ওই দুই শিশুসহ সে বাড়ির পাশের চিকলী নদে গোসল করতে নামে। সেবা পারভীন পানিতে তলিয়ে যেতে থাকলে হিমিকা তাকে উদ্ধারে এগিয়ে যায়। হিমিকাকে সেবা জড়িয়ে ধরলে দুজনেই পানিতে ডুবে যায়। এ অবস্থা দেখে সে চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে ডাকে।

সুরাইয়ার কয়েকজন প্রতিবেশী বলেন, সুরাইয়ার চিৎকারে লোকজন  ছুটে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া সেবা পারভীন ও হিমিকা খাতুনকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তাদের মৃত্যু হয়।