পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া ও ইন্দুরকানি উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ও দুপুরে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃত শিশুরা হলো মঠবাড়িয়া উপজেলার চিত্রা পাতাকাটা গ্রামের সৌদিপ্রবাসী বেল্লাল হোসেন আকনের দেড় বছর বয়সী ছেলে আবু হুরায়রা ও ইন্দুরকানি উপজেলার চাড়াখালী গ্রামের রিয়াজ মাতুব্বরের আড়াই বছর বয়সী ছেলে আরাফাত মাতুব্বর।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবু হুরায়রা সকালে মঠবাড়িয়ার দক্ষিণ মিঠাখালী গ্রামে তার নানার ঘরের পাশে খেলা করছিল। এ সময় সে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে ডুবে যায়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৌমিত্র সিনহা রায় বলেন, আবু হুরায়রাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

আজ দুপুরে উঠানে খেলতে গিয়ে আরাফাত পুকুরে পড়ে। খোঁজাখুঁজির শেষে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আরাফাতকেও মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন ইন্দুরকানি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর কুমার ঘোষ।