পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের দিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই শিশুর নাম সাহার বেগম (৫) ও শাকিল আহমদ (৬)। উপজেলার দিনপুর গ্রামের সমির মোল্লার মেয়ে সাহার ও প্রতিবেশী ইসলাম উদ্দিনের ছেলে শাকিল।

পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ওই দুই শিশুর পরিবারের সদস্যরা সাহরি খেয়ে ঘুমিয়ে ছিলেন। এরই মধ্যে সকালে শিশু দুটি খেলা করতে করতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন দুজনকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা হক প্রথম আলোকে বলেন, এই ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই পরিবারকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

এ দিকে নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের বগুলাগাড়ি ভেরপুকুর গ্রামে গতকাল সোমবার বিকেলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি হলো একই গ্রামের নাজমুল ইসলামের মেয়ে শ্যামলী (৭) ও বাবুল হোসেনের ছেলে রাতুল (৫)। তারা দুজনে চাচাতো ভাইবোন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির লাশ দাফন করা হয়েছে।