পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রায়পুর পৌরসভার টিসি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশুর নাম সুমাইয়া আক্তার (৭) ও মিম আক্তার (৮)। রিকশাচালক নজরুল ইসলামের মেয়ে সুমাইয়া ও অপর রিকশাচালক মিজান হোসেনের মেয়ে মিম। তারা দুজনই স্থানীয় হালিমা মহিলা দাখিল মাদ্রসায় প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
মিম আক্তারের বাবা মিজান হোসেন বলেন, সুমাইয়া ও মিম দুপুরে মাদ্রাসা থেকে বাসায় এসে খেলতে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে মাদ্রাসার পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়।
স্থানীয় কাউন্সিলর নাজমুল কাদের গুলজার বলেন, হাসপাতাল থেকে দুই শিশুকে মৃত ঘোষণার পর স্বজনেরা দুজনের লাশ বাড়িতে নিয়ে আসেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।