পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার গয়পুর ও আটপাড়া উপজেলার মঙ্গলসিদ্ধ গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় কলমাকান্দার বড়খাপনের গয়পুর গ্রামের আমান মিয়ার তিন বছরের ছেলে আরিয়ান বাড়ির সামনে খেলছিল। শিশুটি সবার অজান্তে পাশে থাকা একটি খালে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর খালের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বড়খাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাদিছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, আটপাড়ার মঙ্গলসিদ্ধ উত্তরপাড়া গ্রামের মো. আলমগীর হোসেনের সাত বছরের মেয়ে আবিদা আক্তার গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বাড়ির সামনে তুসাই নদে গোসল করছিল। এ সময় শিশুটি পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।