পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইছাইল গ্রামে গতকাল শুক্রবার সকালে একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ইছাইল গ্রামের সেলিম হোসেনের ছেলে রিপন (৩) ও মালুচী গ্রামের ফিরোজ উদ্দিনের ছেলে আবদুল্লাহ (৫)। তারা মামাতো-ফুফাতো ভাই।শিশুদের পরিবার সূত্র জানায়, ফিরোজ উদ্দিন স্ত্রী ও ছেলে আবদুল্লাহকে নিয়ে ইছাইল গ্রামে ভগ্নিপতি সেলিম হোসেনের বাড়িতে বেড়াতে যান। গতকাল সকাল ১০টার দিকে সমবয়সী কয়েকটি শিশুর সঙ্গে রিপন ও আবদুল্লাহ বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলতে যায়। একপর্যায়ে রিপন পুকুরে পড়ে যায়। আবদুল্লাহ ফুফাতো ভাই রিপনকে পানি থেকে তুলতে গেলে দুজনই ডুবে যায়। অন্য শিশুরা ঘটনাটি বাড়ির লোকজনকে জানালে তাঁরা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপন ও আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।