পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির বালুচর এলাকায় ফুটবল খেলা শেষে পুকুরে নেমে কাদামাটি পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে দুই স্কুলছাত্রী। গত শনিবার সন্ধ্যায় একজনের এবং রাত আটটায় অপরজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুই স্কুলছাত্রী হলো বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী মিলি বেগম ও পঞ্চম শ্রেণীর ছাত্রী জুলেখা বেগম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রীতি রায় জানান, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের টুর্নামেন্ট ছিল শনিবার। চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলায় অংশ নেয়। মিলি ও জুলেখা বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের পক্ষে ফুটবল খেলায় অংশ নেয়। খেলা শেষে শরীরের কাদা পরিষ্কার করতে তারা পাশের একটি বাড়ির পুকুরে যায়। এ সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জমির উদ্দিন জানান, ঘটনার সময় বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চলছিল। তখন এক ছাত্রের মাধ্যমে ঘটনাটি জানার পর অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্ররা পুকুরে নেমে নিখোঁজ ছাত্রীদের খুঁজতে থাকে। সন্ধ্যার দিকে প্রথমে মিলির লাশের সন্ধান মেলে। রাত আটটার দিকে জুলেখার লাশ উদ্ধার করা হয়। ওই দুই ছাত্রীর সঙ্গে তানিয়া নামের আরেক ছাত্রীও ছিল। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলি ও জুলেখার বাড়ি বালুচর ফোকাস আবাসিক এলাকায়।