পুকুরের পানিতে ডুবে গতকাল রোববার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কলেজছাত্র ও সুনামগঞ্জের ধরমপাশায় চার বছরের এক শিশু মারা গেছে। এদিকে জামালপুরে গত শুক্রবার ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ গতকাল উদ্ধার করা হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
নান্দাইল (ময়মনসিংহ): মো. শিবলি হোসেন (১৭) ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ডিগ্রি কলেজের ছাত্র। স্থানীয় লোকজন বলেছেন, শিবলির বাবা মো. দেলোয়ার হোসেন। শিবলি আঠারবাড়ি ইউনিয়নের বনগাঁও এলাকায় তার নানির সঙ্গে ভাড়া বাড়িতে থাকত। তার মা-বাবা গাজীপুরের টঙ্গীতে বসবাস করেন। গতকাল বেলা ১১টার দিকে বন্ধুদের নিয়ে গোসল করতে আঠারবাড়ি এমসি উচ্চবিদ্যালয়ের পাশের পুকুরে নামে শিবলি। এ সময় বন্ধুদের মধ্যে সাঁতারের প্রতিযোগিতা শুরু হয়।
শিবলির বন্ধু মাহিরুল ইসলাম বলে, অন্যরা সাঁতার কেটে শিবলিকে পেছনে ফেলে। তারা কয়েকজন পুকুরের পাড় থেকে দেখতে পায় মাঝপুকুর থেকে শিবলি দুই হাত নেড়ে সহায়তা চাইছে। তখন সে অন্য দুই বন্ধুকে নিয়ে শিবলিকে সহযোগিতা করতে যায়। কিন্তু সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে পুকুরে জাল ফেলে শিবলির লাশ উদ্ধার করা হয়।
আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক খন্দকার আল মামুন বলেন, শিবলির নানি পুলিশের কাছে শিবলিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। শিবলির লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধরমপাশা (সুনামগঞ্জ): উপজেলার সদর ইউনিয়নের ধরমপাশা পূর্বপাড়া গ্রামে গতকাল দুপুরে মাজিদ মিয়া নামের চার বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের শাহ আলমের ছেলে।
শিশুটির পরিবারের সদস্যরা বলেন, গতকাল দুপুর ১২টার দিকে নিজ বাড়ির উঠানে মাজিদ আরও তিন-চারটি শিশুর সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। ঘণ্টা দেড়েক পর সে ওই পুকুরে ভেসে ওঠে। পরে তাকে বেলা তিনটার দিকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মাজিদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুর: পৌর শহরের বজ্রাপুর এলাকার বাসিন্দা কাব্য বৈষ্ণব (১৪) গত শুক্রবার ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হয়। সে জামালপুর জিলা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম অতুল প্রসাদ।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে কাব্য তার বন্ধুদের সঙ্গে শহরের দেওয়ানপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের বালুচরে ফুটবল খেলতে যায়। খেলার সময় ফুটবল পানিতে পড়ে যায়। এ সময় ওই ছাত্র পানিতে ফুটবল আনতে গিয়ে তলিয়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে উদ্ধারের জন্য দুই দিন ধরে জামালপুর ও ময়মনসিংহের ডুবুরি দল কাজ করছিল।
গতকাল দুপুর ১২টার দিকে জামালপুর সদর উপজেলার শরিফপুর এলাকায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ওই স্কুলছাত্রের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।