পানিতে ডুবে পরিবারকে শোকে ভাসাল ১৩ শিশু
ঢাকা থেকে পাবনার গ্রামে গিয়ে ঈদের দিন পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে ছোট্ট তিন চাচাতো ভাইবোন। কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের পরদিন নদীতে ডুবে মারা যায় দুই বোন। এদিন কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে মারা যায় দুই চাচাতো বোন। একই দিন পুকুরে পড়ে মারা যায় চট্টগ্রামের আনোয়ারার দুই চাচাতো ভাইবোন এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আরও দুটি শিশু। নাটোরের সিংড়া ও পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈদের দিন পানিতে ডুবে আরও দুটি শিশু মারা যায়।
এ নিয়ে ঈদের দিন শুক্রবার ও পরের দিন শনিবার পানিতে ডুবে ১৩ শিশুর মৃত্যু হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: গোলাম আজমের ছেলে অমি হোসেন (৮), লিটন শেখের ছেলে রোহান হোসেন (৪) ও টুটুল শেখের মেয়ে সুমাইয়া খাতুন (৭) ঈদের দুই দিন আগে তাদের বাবা-মায়ের সঙ্গে ঢাকা থেকে পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর গ্রামের বাড়িতে আসে। ঈদের দিন সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একটি ভেলায় তারা খেলছিল। একপর্যায়ে ভেলাটি উল্টে গেলে রোহান হোসেন ডুবে যায়। তাকে খুঁজতে গিয়ে অপর দুজনও ডুবে যায়। পরিবারের লোকজন পরে পুকুর থেকে শিশু তিনটির মৃতদেহ উদ্ধার করেন। ওই দিন বিকেলে তাদের দাফন করা হয়। গোলাম আজম শেখ ও লিটন শেখ ঢাকায় ব্যবসা করেন। আরেক ভাই টুটুল শেখ যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁদের তিন ভাইয়ের পরিবার ঢাকায় থাকে।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা গ্রামের আবদুল খালেকের মেয়ে খাদিজা আক্তার (১০) শনিবার বিকেলে খেলতে গিয়ে বাড়ির পাশের নরসুন্দা নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় বোন লিপু আক্তারও (১৩) পানিতে তলিয়ে যায়। উদ্ধার করে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিন দুই বোনকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের বাসিন্দা ছেরাজুল হকের মেয়ে তানিয়া আক্তার (১১) এবং তাঁর ভাই সায়েদুল হকের মেয়ে ফারজানা আক্তার (১৩) শনিবার বেলা দেড়টার দিকে তাঁদের ছোট এক বোনকে পুকুর পাড়ে রেখে গোসল করতে নামে। তানিয়া সাঁতার না জানায় গাছের গুঁড়ির ওপর বসে গোসল করতে থাকে। একপর্যায়ে তানিয়া আক্তার পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যেতে থাকে। তার চিৎকারে জ্যাঠাতো বোন ফারজানা তাকে বাঁচাতে গিয়ে দুজনেই পুকুরে তলিয়ে যায়। পুকুর পাড়ে থাকা তাদের ছোট বোন বাড়ির লোকজনকে খবর দিলে তাঁরা উদ্ধারে এগিয়ে আসেন। কিন্তু তাঁরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করেন। তানিয়া ফেনীর নতুন রানীরহাট মালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ও ফারজানা ঢালুয়া সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়ার ছমদিয়ায় শনিবার দুপুরে খেলাধুলা করার সময় আবদুর রহমানের ছেলে আসফাত (৩) ও আজম খানের মেয়ে ঊর্মি (৩) একই পুকুরে পড়ে মারা যায়। তারা দুজন চাচাতো ভাইবোন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মিজান মিয়ার ছেলে সাজিব মিয়া (৫) গত শনিবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। একই গ্রামের দানিছ মিয়ার মেয়ে রূপনা বেগম (৮) শনিবার দুপুরে নিখোঁজ হয়। একপর্যায়ে গ্রামের লোকজন পুকুরে তার জুতা ভাসতে দেখে। এ সময় লোকজন পুকুরে খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে।
নাটোর: নাটোরের সিংড়ার উত্তর দমদমা গ্রামে আবু তালহা (১১) নামের পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্র শুক্রবার সকাল আটটায় বাড়ির পাশে নাগর নদে গোসল করতে যায়। একপর্যায়ে নিখোঁজ হয়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল গিয়ে দুপুর ১২টার দিকে তালহার মৃতদেহ উদ্ধার করে। সে নাটোর শহরের বঙ্গোজ্বল এলাকার শিক্ষক আলাউদ্দিনের ছেলে। তালহা বাবা-মায়ের সঙ্গে ঈদে নানা বাড়িতে যায়।
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর গ্রামের সাইফুল ইসলাম শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে সূর্যমণি গ্রামে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যান। সেখানে বেলা তিনটার দিকে সবার অজান্তে শিশুকন্যা সাকি আক্তার (২) বাড়ির একটি পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।