পানিতে ডুবে প্রাণ গেল ৫ শিশুর
দেশের তিন জেলায় পানিতে ডুবে দুই বোনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সাতক্ষীরা, নেত্রকোনা ও কিশোরগঞ্জে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনা: বারহাট্টা উপজেলার চরসিন্ধা গ্রামে কংস নদে ডুবে আমিরুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে। আমিরুল ওই গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমিরুল সকাল ১০টার দিকে আরও কিছু শিশুর সঙ্গে বাড়ির সামনের কংস নদের তীরে খেলছিল। কিছুক্ষণ পর কলাগাছের তৈরি ভেলায় চড়তে গিয়ে সে হঠাৎ পানিতে পড়ে ডুবে যায়। পরে আমিরুলের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমিত রায় তাকে মৃত ঘোষণা করেন। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সাতক্ষীরা: ভোমরা পশ্চিমপাড়া এলাকায় দুই বোন রিমা খাতুন (৪) ও ইমা খাতুন (৩) পানিতে ডুবে মারা গেছে। আজ দুপুরের দিকে এ ঘটনা ঘটে। রিমা ও ইমা ভোমরা পশ্চিমপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
প্রতিবেশী জুয়েল হোসেন বলেন, দুই বোন বাড়ির পাশে একটি পুকুরের ধারে খেলা করছিল। এ সময় তারা পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা আড়াইটার দিকে তাদের লাশ পুকুরে ভেসে ওঠে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কিশোরগঞ্জ: ইটনায় গোসল করতে গিয়ে বাড়ির পাশের হাওরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম মারুফা আক্তার (৫) ও পাপিয়া আক্তার (৬)। মারুফা পূর্বগ্রাম মোল্লাপাড়ার ধলা মিয়ার মেয়ে ও পাপিয়া একই গ্রামের আসমত আলীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, রোববার দুপুরে বাড়ির পাশে মসজিদঘাটে হাওরের পানিতে অন্য শিশুদের সঙ্গে মারুফা ও পাপিয়া গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে গেলে অন্য শিশুরা পরিবারের লোকজনদের খবর দেয়। পরে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় মারুফা ও পাপিয়াকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।