পানিতে ডুবে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
পাবনার চাটমোহর উপজেলায় গতকাল রোববার গুমানী নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
একই দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে বাবা ও ছেলে মারা গেছেন।
মৃত ব্যক্তিরা হলো চাটমোহরের চিনাভাতকুর গ্রামের আক্কাস আলীর মেয়ে জ্যোতি (৮) ও আনছার আলীর মেয়ে সুমাইয়া খাতুন (৮) এবং উল্লাপাড়ার চরসাতবাড়িয়া গ্রামের মোহাম্মদ হাসু (৩৮) ও তাঁর ছেলে শাকিল (৮)।
পাবনার ওই শিশুদের স্বজনেরা বলেন, গতকাল দুপুরে জ্যোতি ও সুমাইয়া গুমানী নদীর পারে খেলতে যায়। এরপর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা আড়াইটার দিকে পাশের ছাওয়ালদহ গ্রামে নদীতে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। এরপর স্বজনেরা শিশুদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মোহাম্মদ হাসু ও তাঁর ছেলে একসঙ্গে নদীতে গোসল করতে যান। এ সময় শাকিল পানিতে ডুবে যায়। ছেলেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে হাসুও ডুবে যান। পরে গ্রামের লোকজন দুজনকে উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।