পানিতে ডুবে বিভিন্ন স্থানে ১৫ শিশু ও এক কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি, ময়মনসিংহের পূর্বধলা, নোয়াখালীর চাটখিল, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ,চট্টগ্রামের রাউজান, ও সাতকানিয়ায় গত কয়েক দিনে পানিতে ডুবে ১৫ শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গত বুধ ও বৃহস্পতিবার এবং গতকাল শুক্রবার পৃথক ঘটনায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে গিয়ে ওই শিশুদের মৃত্যু হয়। ডুবে যাওয়া শিশুদের অনেক খোঁজাখুঁজি শেষে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরফরাজ হোসেন খান তাদের মৃত ঘোষণা করেন। নিহত শিশুরা হলো: উপজেলার তালেরছেও গ্রামের শাহ আলমের ছেলে সায়েম (২), হাঁড়িয়ালা গ্রামের বিল্লালের ছেলে আরিফ (৪), চাঁদগাঁও গ্রামের দুলাল বেপারীর ছেলে মাইন উদ্দিন (১১) এবং মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে হিসাম (২)। এদিকে উপজেলার শোলপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে আড়াই বছর বয়সী সাইম গতকাল শুক্রবার বাড়িসংলগ্ন পুকুরে ডুবে মারা গেছে। শিশুটির বাবা বলেন, গতকাল জুমার নামাজের সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায় সাইম।পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের নিকটবর্তী পদ্মা বিলে বৃহস্পতিবার বিকেলে একটি নৌকাডুবির ঘটনায় মারা যায় ওই গ্রামের সাইদুর রহমানের মেয়ে রুমা বেগম (১২)। নৌকায় চড়ে সে দুলাভাই ও আরও চার শিশুর সঙ্গে পদ্মা বিলে শিংড়া ফল তুলতে গিয়েছিল। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে, উপজেলার দামপাড়া গ্রামে পুকুরে ডুবে ফয়সাল নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সে জামালপুর উপজেলা থেকে দামপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল। গত বৃহস্পতিবার বিকেলে সবার অগোচরে সে বাড়ির পাশের পুুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। চাটখিল উপজেলার পরকোট গ্রামের জসিমের ছেলে রাহি (৩), জাহাঙ্গীরের ছেলে ছাব্বির (৩) গত বৃহস্পতিবার সকালে বাড়িসংলগ্ন পুকুরে ডুবে মারা যায়। অন্যদিকে, একই দিনে সোনাইমুড়ী উপজেলার কৌশল্লারবাগ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে শিখা (২) বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ডুবে মারা যায়। নিহত শিশুদের পরিবার সূত্র জানায়, অভিভাবকদের অগোচরে তারা খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়েছিল।রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াছিননগর গ্রামের আবু আহমদের মেয়ে তাহিয়া আকতার (৪) গত বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনের পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে সে পুকুরে পড়ে গিয়ে মারা যায়। একই দিন বিকেলে রাউজান পৌর এলাকার সুলতানপুর সত্তারপাড়ার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ আদর (১৩) পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায়। খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের কুমিল্লাটিলার ১৬-আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের পার্শ্ববর্তী ইসলামপুর এলাকার একটি পুকুরে গত বৃহস্পতিবার গোসল করতে নেমে পানিতে ডুবে শামীম (৯) ও মণি আক্তার (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শামীমের বাবা দেলোয়ার হোসেন বলেন, দুপুরের খাবারের জন্য ডাকাডাকি করেও শামীমের কোনো সাড়া না পেয়ে খোঁজখুঁজি শুরু হয়। একপর্যায়ে আনসার ক্যাম্পের পার্শ্ববর্তী পুকুরে শামীম ও মণির ভাসমান লাশ পাওয়া যায়।আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পানিতে ডুবে আরাফাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার আনন্দপুর গ্রামে গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। গ্রামবাসী সূত্র জানায়, বিল্লাল মিয়ার ছেলে আরাফাত বাড়ির পাশের পুকুর পাড়ে খেলার সময় একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। প্রায় এক ঘণ্টা পর পুকুর থেকে আরাফাতের লাশ উদ্ধার করা হয়।সাতকানিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চৌধুরী তাহিমদ জসীম (১৫) নামের এক কিশোর পুকুরে ডুবে মারা গেছে। উপজেলার কাটগড় গ্রামে গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। দৈনিক যুগান্তর-এর বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো-প্রধান জসীম চৌধুরীর একমাত্র ছেলে তাহিমদ জসীম চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র। ঈদের ছুটিতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গ্রামে গিয়েছিল সে। পা ধুতে গিয়ে সে মসজিদের পুকুরে পা পিছলে পুকুরে পড়ে তলিয়ে যায়। দ্রুত উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।