পানিতে ডুবে বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মশিউর রহমান (২২) ও সাঈদ লতিফ (২৩) নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
মশিউর রাজশাহীর শেখপাড়ার বাসিন্দা মাহবুবুর রহমানের ছেলে। সাঈদ গাইবান্ধার বড় জামালপুরের নুরুল ইসলামের ছেলে।
গোয়াইনঘাট থানার ওিস দেলোয়ার হোসেন বলেন, গতকাল ১৪ জন শিক্ষার্থীর একটি দল বিছনাকান্দি যায়। সেখানে পৌঁছার পর বিকেলে পিয়াইন নদে গোসল করতে নামলে দুই শিক্ষার্থী ডুবে যান। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর বিছনাকান্দির ভাটি এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ওসি জানান, দুই শিক্ষার্থীর পরিচয় নিশ্চিতের পর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মারা যাওয়া দুই শিক্ষার্থীর সহপাঠী সাগর ও রুহেল বলেন, তাঁরা ১৪ জন ঢাকা থেকে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বিছনাকান্দি পৌঁছান। এরপর সবাই মিলে ঘটনাস্থলে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর মশিউর ও সাঈদকে না দেখে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। আধা ঘণ্টা পর এলাকাবাসীর সহায়তায় বিছনাকান্দি ও পিয়াইন নদের মধ্যবর্তী একটি স্থানে তাঁদের মরদেহ পাওয়া যায়।
গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম গতকাল রাতে বলেন, লাশ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করার পর ময়নাতদন্ত হবে। এরপর লাশ দুটি পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।