পানিতে ডুবে বৃদ্ধ ও কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলায় খাজুরতলা এলাকায় গতকাল মঙ্গলবার খাকদোন নদে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এর আগের দিন সোমবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকায় পুকুরে ডুবে এক কিশোর মারা গেছে।
বরগুনায় মারা যাওয়া ব্যক্তির নাম মোতালেব খান (৬০)। তাঁর বাড়ি খাজুরতলা এলাকায়। কুষ্টিয়ায় মারা যাওয়া কিশোরের নাম জালামিন (১৪)। সে বড়বাড়িয়া গ্রামের জপিন উদ্দিনের ছেলে। সে সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
মোতালেব খানের পরিবারে লোকজন জানান, গতকাল সকাল নয়টার দিকে মোতালেব জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। পাড় থেকে জাল টানতে গিয়ে স্রোতের টানে নদীতে পড়ে ডুবে যান তিনি। অপর এক জেলে দেখতে পেয়ে তাঁর পরিবারের লোকজনকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে।
বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন ব্যবস্থাপক ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
কুষ্টিয়ার আমলা পুলিশ ফাঁড়ি ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সোমবার বিকেলে জালামিন সাঁতার প্রশিক্ষণের জন্য আমলা সরকারি ডিগ্রি কলেজের পুকুরে আসে। সেখানে সে প্রশিক্ষণ নিতে আসা সাঁতারুদের সঙ্গে শারীরিক কসরতে অংশ নেয়।
পরে পাশেই পুকুরে নেমে সাঁতার শেখার জন্য ডুব দেয়। এ সময় তাঁর সঙ্গে অন্যরাও সাঁতারে অংশ নেন। একপর্যায়ে জালামিন তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
রাত আটটার দিকে স্থানীয় লোকজন ও মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করেন।
সাঁতার কোচ মর্জিনা খাতুন বলেন, জালামিন সাঁতার প্রশিক্ষণার্থীদের কেউ নয়। সে আজকেই (সোমবার) নতুন এসেছিল। সে কোনো সাঁতার সংগঠনের সদস্য নয়।
আমলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।