পানিতে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের পৌর এলাকা ও বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে চার শিশু মারা গেছে। এর মধ্যে সিরাজগঞ্জে মারা যাওয়া দুজন ভাই-বোন। গতকাল শনিবার সন্ধ্যা ও আজ রোববার দুপুরে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: আজ দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর দক্ষিণ পাড়া মহল্লায় একটি ডোবার পাশে খেলার সময় খাদিজা খাতুন (৫) ও তার ভাই শাহীন আলম (৪) পানিতে পড়ে যায়। ওই এলাকার বাসিন্দা নুর ইসলাম প্রথম আলোকে বলেন, অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বিকেলে ডোবায় তাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী তাদের উদ্ধার করে। দুজনই এলাকার আব্দুল মজিদের সন্তান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামে গতকাল শনিবার সন্ধ্যায় নওরীন (৫) ও শান্তা (৬) পুকুরে ডুবে মারা গেছে। তাঁরা দুজন মামাতো-ফুফাতো বোন।
মারা যাওয়া নওরীনের বাবা মান্নান হাওলাদার প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় নওরীন ও শান্তা প্রতিবেশী মজিদ মীরের বাড়ির পুকুরে পা ধুতে যায়। কিন্তু বেশ কিছু সময় পরও তারা ফিরে না আসায় খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা ওই পুকুরে ওই দুই শিশুর জুতা ভাসতে দেখেন। পরে পুকুরে তল্লাশি করে রাত সাড়ে আটটার দিকে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদেরকে মৃত ঘোষণা করেন।