পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় খেলতে নেমে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই তিন শিশু হলো শোলাবাড়ি গ্রামের কামাল মিয়ার ছেলে এমরান মিয়া (৭), মেয়ে সাবিনা বেগম (৫) ও ভাগনে আমান উল্লাহ (৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ওই তিন শিশু বাড়ির পাশের একটি ডোবার কাছে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা ওই ডোবার পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে ডোবা থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করে।

পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম বলেন, পানিতে ডুবেই তিন শিশুর মৃত্যু হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তিন শিশুর মরদেহ বিকেলে পরিবারের জিম্মায় দাফন করা হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিন শিশুর পরিবারকে ৪৫ হাজার টাকা দেওয়া হবে।