পানিতে ডুবে ভাইবোনসহ পাঁচ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার কল্যাণপুর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে খালের পানিতে ডুবে ছায়েরা খাতুন (৮) ও সাইমুন মন্ডল (৬) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। একই দিনে সদর উপজেলার শংকরপুর গ্রামে পানিতে ডুবে রাব্বি নামের ছয় বছরের এক শিশু মারা যায়।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে পানিতে ডুবে গতকাল সকালে উন্নতি আক্তার (১০) ও রেক্সোনা আক্তার (৭) নামের দুই বোনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ সদর থানার পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল দুপুরে কল্যাণপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে ছায়েরা ও ছেলে সাইমুন বাড়ির পাশের আঙিনায় খেলছিল। দু-তিন ঘণ্টা ধরে তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল চারটার দিকে পাশের ঝাপড় খালের পানিতে তাদের লাশ ভেসে ওঠে। এদিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের শংকরপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে রাব্বি গতকাল বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। এর কিছুক্ষণ পরই তার লাশ ভেসে ওঠে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসিম শিকদার ও পরিবারের লোকজন জানান, গতকাল সকালে মা আকলিমা বেগমের কাছে ঈদের কাপড় কিনতে যাওয়ার কথা শুনে উন্নতি ও রেক্সোনা একসঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। অসাবধানতাবশত পাকা সিঁড়িতে পা পিছলে এক বোন পানিতে পড়লে আরেকজন উদ্ধার করতে গেলে দুজনই পানিতে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
একপর্যায়ে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উন্নতি পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি ও রেক্সোনা প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। তারা গ্রামের নছিমনচালক মাইদুল মৃধার মেয়ে।