পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের মজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাগাতিপাড়া থানা সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ওই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে সাহেব আলী (৫) ও মেয়ে জুলেখা খাতুন (৮) এবং প্রতিবেশী আবের আলীর মেয়ে সাহিদা সুলতানা (৮) স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা ডুবে মারা যায়। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর নিহত শিশুদের পরিবারের লোকজন ওই পুকুরে গিয়ে তাদের মৃতদেহ পানিতে ভাসতে দেখেন। পরে লাশ তিনটি উদ্ধার করে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
আবদুল কুদ্দুস বলেন, শিশুদের একজন পানিতে ডুবে যেতে থাকলে অপর দুজন তাকে উদ্ধারের চেষ্টা করতে যায়। পরে তিনজনই ডুবে মারা যায় বলে তাঁরা ধারণা করছেন। জুলেখা ও সাহিদা ফাগুয়ারদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ত।